xr:d:DAFm0H7K-y0:160,j:7882819917612609436,t:23062619
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা। আশা করি সবাই নিরাপদে আছেন।
পোস্টে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের আমি আন্তরিকভাবে প্রশংসা জানাই। তাদের অকুতোভয় প্রচেষ্টা জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, ঘটনাটির কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘনঘটা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখা উচিত।
এর আগে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
