আগামী ১৫ অক্টোবর সই হতে যাওয়া ‘জুলাই সনদ’কে বিএনপি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী।
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন তারেক রহমান। তিনি বলেন, তার কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যেসব ব্যক্তি অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচারের কথা বলেছেন তিনি, তাও আইনসঙ্গত উপায়ে।
বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। দেশের সিভিল সোসাইটি ও সাধারণ মানুষের মধ্যে তার এই বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
কৃষিখাত প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি নিয়ে কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের কৃষকরা আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ বিষয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (এএবি) কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, সংস্থাটি এমন একটি নীতিমালা প্রণয়ন করবে যেন কৃষকদের স্বার্থরক্ষা হয় এবং দেশের জনগণ উপকৃত হয়। এই দিকনির্দেশনা ও প্রেরণা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকেই এসেছে।
এর আগে, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এসময় এএবি’র নবগঠিত কমিটির আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব শাহাদাৎ হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
