অরিজিৎ সিংয়ের সঙ্গে সালমান খানের বচসা বলিউডের সবারই জানা। দীর্ঘদিন ধরেই চলছিল তাদের সমস্যা, কেউ কারও মুখোমুখি হতেন না। অবশেষে তা নিয়ে মুখ খুললেন সালমান।
সম্প্রতি, বিগ বস ১৯-এর উইকেন্ড কা বারের সময় সালমান স্পষ্ট করে বলেছিলেন, তিনি ও অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন।
২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সালমান খান। খুবই সাদামাটা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং। তাকে দেখে সালমান মন্তব্য করেন, ঘুমাচ্ছিলে নাকি? অরিজিৎ উত্তর দিয়েছিলেন, আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।
অরিজিতের এমন মন্তব্যে দর্শক হেসে উঠলেও বিষয়টি ভালোভাবে নেননি সালমান। এই ঘটনার পরেই নাকি সালমান তার ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ সিনেমা থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ, পরে সেই গানটি গান রাহাত ফাতেহ আলী খান।
সেই ঘটনার পর, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। জানিয়েছিলেন, তিনি কখনোই সালমানকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।
