ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমদানি করা ৪৪২ ধরনের কাঁচামাল পুড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের; ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ কোটি টাকা।
সোমবার বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওষুধ শিল্প সমিতির দেওয়া তালিকা অনুযায়ী, মোট ৪২ প্রতিষ্ঠানের ৪৪২ ধরনের কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতির আর্থিক পরিমাণ ১৬৫ কোটি ২২ লাখ টাকার বেশি। এই বিপুল ক্ষতি হয়েছে মূলত ওষুধ তৈরির কাঁচামাল, উৎপাদন যন্ত্র ও যন্ত্রাংশের ক্ষেত্রে। এতে দেশের ওষুধ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো।
সবচেয়ে বেশি ক্ষতিতে হেলথকেয়ার
তালিকা অনুযায়ী, সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যাদের ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, তার মধ্যে রয়েছে— স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১২ কোটি ৮৯ লাখ টাকা, রেনাটা ১২ কোটি ৬৫ লাখ টাকা, একমি ল্যাবরেটরিজ ১২ কোটি টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সাত কোটি ৫১ লাখ টাকা, এসিআই লিমিটেড সাত কোটি ৭৪ লাখ টাকা। ৪২টি প্রতিষ্ঠানের প্রায় সবাই ওষুধ তৈরির কাঁচামাল আমদানি করেছিল। কিছু প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশও এনেছিল।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, ওষুধের কাঁচামাল অত্যন্ত সংবেদনশীল উপাদান। সামান্য আর্দ্রতা বা অতিরিক্ত গরমে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। বিমানবন্দরের গুদামে আগুনে যে ক্ষতি হয়েছে, তা উদ্বেগজনক হলেও আপাতত আমাদের উৎপাদন ও প্রস্তুত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না।
তবে দ্বিতীয় ধাপে কাঁচামাল আনতে জটিলতা দেখা দিলে তা উৎপাদনে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা সরকারের কাছে অনুরোধ করছি, বিমানবন্দরে কাঁচামাল পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের ব্যবস্থা করা হোক। এতে একদিকে ক্ষতির ঝুঁকি কমবে, অন্যদিকে উৎপাদনও নির্বিঘ্ন থাকবে।
শিল্পে প্রভাব
দেশের ওষুধ শিল্প এখন অন্যতম রপ্তানিমুখী খাত। দেশে ২৫০টির বেশি প্রতিষ্ঠান ওষুধ উৎপাদন করে, যার বড় অংশ কাঁচামালের ওপর নির্ভরশীল। শিল্প সংশ্লিষ্টদের মতে, এই ক্ষতির কারণে কিছু ওষুধের উৎপাদন বিলম্বিত হতে পারে, এমনকি বাজারেও প্রভাব পড়তে পারে।
