নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের দাবির আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন অব্যাহত আছে। এখন পর্যন্ত অনশনের পর ১২৩ ঘণ্টা পার হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।
আজ রোববার দুপুরে ইসি ভবনের সামনে দেখা যায়, ১২৩ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা প্রায় ছয়দিন তারেক একই পোশাকে অনশনে রয়েছেন।
তার শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে বলে জানিয়েছেন তার দলের নেতারা। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।
দলটি আরও জানায়, এরই মধ্যে ১২৩ ঘণ্টা পেরিয়ে গেছে, তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির।
এদিকে, তারেক রহমানের পাশাপাশি আরও কয়েকটি দলও নিবন্ধনের দাবিতে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিসি) ও বাংলাদেশ সল্যুশন পার্টির নেতাকর্মীরা আলাদাভাবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
